রিকশায় চড়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৪:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় মার্কিন দূতাবাসের উদ্যোগে লাল, সাদা আর নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। 

বুধবার (২০ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব রিকশার যাত্রা শুরু হয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার রঙে সাজানো রিকশাগুলো শুধু আমেরিকান ঐতিহ্য ও উৎসবের প্রতীক নয়; ঢাকার জনপ্রিয় এই বাহনটির মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অংশীদারিত্বের বার্তাও ছড়িয়ে পড়বে। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত নিজেও একটি রিকশায় চড়ে এ উদযাপনে অংশ নেন।

মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, এই উদ্যোগ দুই দেশের মানুষের মধ্যকার সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আয়োজকরা জানান, আগামী কয়েক সপ্তাহ রাজধানীর বিভিন্ন সড়কে দেখা মিলবে এসব রিকশার। এটি যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের স্বাধীনতা সংগ্রাম ও অগ্রযাত্রাকে উদযাপন করবে, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দেবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন