ঈদযাত্রার তৃতীয় দিনে টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান। সোমবার ভোররাতে মির্জাপুর রেল স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ জানায়, ধারণা করা হচ্ছে ভোর রাতে পঞ্চগড় এক্সপ্রেস নামক ট্রেনের ছাদ থেকে ওই যুবক পড়ে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলওয়ে স্টেশনে দায়িত্বরতরা। পরে রেল পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে মির্জাপুর অঞ্চলের দায়িত্বরত উপ-সহকারী এনামুল হক জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।
মির্জাপুর রেল স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। সকাল ৭টার দিকে খবর পেয়ে রেল পুলিশকে জানালে তারা এসে লাশটি উদ্ধার করে। পরিচয় এখনও মেলেনি।
