ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অবৈধ ‘পুশইন’ ঠেকাতে বিজিবির সতর্কতামূলক মাইকিং

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ মে ২০২৬, ১০:৩৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় অবৈধ ‘পুশইন’ ও সীমান্ত অতিক্রম রোধে জনসচেতনতা বাড়াতে মাইকিং শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ সতর্কতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তে বিজিবির টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ভারত থেকে অবৈধ পুশইন, মানবপাচার ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়ে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে সংশ্লিষ্ট সীমান্ত ফাঁড়ির মাধ্যমে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও জানান, অবৈধ পুশইন, মানবপাচার, মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে সংযুক্ত। অতীতে কয়েকবার এসব সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালানোর অভিযোগ ওঠে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর