সরকার-বিরোধী দলের সমন্বয়ে হবে স্বস্তিদায়ক বাজেট

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৯:২৮ পিএম

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আসন্ন বাজেট অধিবেশন দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করে জনগণের জন্য স্বস্তিদায়ক ও জনকল্যাণমুখী বাজেট উপহার দেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৬ মে) বিকালে পাঁচ দিনের সফরে ভোলায় এসে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, আগামী ৭ জুন থেকে বাজেট অধিবেশন শুরু হবে। এই অধিবেশন দেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা জনগণের সামনে তুলে ধরবে। আমরা আশা করি এমন একটি বাজেট প্রণয়ন হবে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরে আসে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাজেট অধিবেশনের পর দেশের অর্থনীতির ইতিবাচক চিত্র বিদেশি বিনিয়োগকারীদেরও বাংলাদেশমুখী করবে বলে মন্তব্য করেন তিনি।

সরকার ও বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে স্পিকার বলেন, সরকার বাজেট প্রস্তাব করবে আর বিরোধী দল সমালোচনা করবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই। বিরোধী দল যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে, সে জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করা হবে।

জাতীয় সংসদ নিয়ে দেশবাসীর প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন। দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে সংসদ সদস্যদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান তিনি।

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, গত কয়েক বছর দেশে ভয়ের একটি পরিবেশ বিরাজ করেছিল। রাজনৈতিক কর্মীরা নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। রাজনীতির নামে দুর্বৃত্তায়ন ও মাস্তানি বেড়ে গিয়েছিল। তবে এখন নির্বাচিত বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আশা করি এবারের ঈদ হবে স্বস্তি, নিরাপত্তা ও আনন্দের ঈদ।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর