সারাদেশেই কমবেশি বৃষ্টিপাতের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় প্রায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃষ্টির এই ধারা আজও অব্যাহত থাকতে পারে এবং দুপুরের মধ্যেই ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৭ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আগামী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের দিকে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা সামগ্রিকভাবে প্রায় অপরিবর্তিত থাকবে।
আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ, যার ফলে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এর আগে, মঙ্গলবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল বৃহস্পতিবার ভোর ৫টা ১২ মিনিটে সূর্যোদয় হবে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
বৃষ্টিপাতের এই পরিস্থিতির কারণে আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের নদী বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে চলাচলরত নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে।
