ফুটবলের সৌন্দর্য, ঐতিহ্য ও আবেগের প্রতীক ব্রাজিল ফুটবল দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে সিরাজগঞ্জে হাজারো সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এ উপলক্ষে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ব্রাজিলের সবুজ-হলুদ রঙে সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে শহরের প্রধান সড়কগুলো যেন পরিণত হয় এক টুকরো ব্রাজিলে।
বুধবার (১০ জুন) বিকেল ৪টায় শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী তরুণ-তরুণী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ ব্রাজিল ফুটবল দলের অসংখ্য সমর্থক অংশ নেন। হাতে ব্রাজিলের জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রাটি হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক ঘুরে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং প্রিয় দলের প্রতি ভালোবাসার প্রকাশে মুখর হয়ে ওঠে পুরো শহর। অনেককে ব্রাজিল দলের জার্সি পরে অংশ নিতে দেখা যায়। মোটরসাইকেল বহর, বাদ্যযন্ত্র এবং নানা আয়োজন শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে।
অংশগ্রহণকারী সমর্থকরা বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগের নাম। ব্রাজিলের নান্দনিক, সৃজনশীল ও আক্রমণাত্মক ফুটবল যুগ যুগ ধরে বিশ্বজুড়ে অসংখ্য মানুষের হৃদয় জয় করে আসছে। সেই ভালোবাসা থেকেই তারা এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফুটবলপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়া সংস্কৃতির বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে ভবিষ্যতেও খেলাধুলাকে কেন্দ্র করে বিভিন্ন ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।
দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে সিরাজগঞ্জের ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, বিশ্ব ফুটবলে ব্রাজিলের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রিয় দলের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন সবসময় অটুট থাকবে।
