সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনীতে মাদক সেবনের অভিযোগে আটক ৮ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় মাস করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেল ২টায় ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মাছুমপুর এলাকার সুরুজ মন্ডল (৩৫) ও সাদ্দাম হোসেন (২১), চরমালসাপাড়া এলাকার অকুল শেখ (২০), সিয়াম (২০), রাব্বি শেখ (২০) ও বাঁধন শেখ (২০), ধানবান্ধি এলাকার আনিছুর রহমান (৩২) এবং হোসেনপুর এলাকার নুরুল ইসলাম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রেলওয়ে কলোনী এলাকায় কয়েকজন যুবক মাদক সেবনের সময় ৮ জনকে আটক করেন। পরে বিষয়টি জেলা বিএনপির নেতৃবৃন্দকে অবহিত করা হলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের হস্তান্তরের পরামর্শ দেন।
খবর পেয়ে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাজা প্রদান করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সিরাজগঞ্জকে মাদকমুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান জানান, প্রত্যেক আসামিকে দেড় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ও হেরোইন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
পরে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।
