ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে ২৭ নতুন সহযোগী সদস্যকে সদস্যপত্র প্রদান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১২:৫১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত ২৭ জন সাংবাদিককে মনোনীত করা হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নবীন সদস্যদের হাতে সদস্যপত্র তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

সভাপতির বক্তব্যে জাবেদ রহিম বিজন বলেন, প্রেসক্লাবের সদস্যপদ শুধু একটি পরিচয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের প্রতীক। নবীন সহযোগী সদস্যদের ক্লাবের মর্যাদা অক্ষুণ্ন রেখে সত্য, ন্যায় ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পেশাগত নৈতিকতা, শৃঙ্খলা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে মানুষের আস্থা অর্জন এবং সিনিয়র সাংবাদিকদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরও দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দেন।

সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। তথ্য যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। তিনি বলেন, প্রেসক্লাব সবসময় সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করে। নবীন সদস্যদের দায়িত্বশীল, অনুসন্ধানী ও মানবিক সাংবাদিকতায় নিজেদের সম্পৃক্ত করার পাশাপাশি ক্লাবের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত সিনিয়র সাংবাদিকরা নবীন সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের পাশাপাশি মানুষের সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার চিত্রও সংবাদে যথাযথভাবে তুলে ধরতে হবে।

নবীন সদস্যদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে একাধিক সদস্য বলেন, কর্মজীবনের প্রতিটি পর্যায়ে একটি আশ্রয় ও অভিভাবকসুলভ প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। সাংবাদিকদের জন্য সেই আশ্রয়ের নাম প্রেসক্লাব। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হতে পেরে তারা গর্বিত। এই সদস্যপদ তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সিনিয়রদের দিকনির্দেশনা অনুসরণ করে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম অপু, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, আইসিটি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক মুজিবুর রহমান এবং নির্বাহী সদস্য শাহজাহান সাজু ও বিল্লাল হোসেন।

নবীন সহযোগী সদস্যদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি ইসহাক সুমন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফি, এখন টিভির স্টাফ রিপোর্টার আজিজুল সঞ্চয়, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী নুর পরশ, চ্যানেল ওয়ানের প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক মানবকণ্ঠের শফিকুল ইসলাম স্বপন, সাংবাদিক আব্দুল মালেকসহ আরও অনেকে। এ সময় অন্যান্য নবীন সহযোগী সদস্যরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর