সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৫-২৬ মৌসুমে বোরো ধান চাষিদের সরকারি তালিকা বিকৃত করে ভুয়া তালিকা প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহের জন্য সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী আবেদন করার পর একটি চক্র উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল বোরো চাষিদের তালিকা শিরোনাম পরিবর্তন করে সেটিকে “সরকারি অনুদান হিসেবে প্রতি বিঘা জমির জন্য দুই হাজার টাকা করে চাষিরা পাবেন”এমন বিভ্রান্তিকর শিরোনামে প্রচার করে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় হাফেজ খায়রুল বাশার মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে হাজী পিওর ড্রিংকিং ওয়াটার এর স্বত্বাধিকারী শেখ আব্দুর রব, রোকনুজ্জামান এবং শেখ ওয়াহিদুজ্জামান এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
অভিযোগের সঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল চাষি তালিকা, কথিত জালিয়াতি করে প্রচারিত তালিকার অনুলিপি সহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বিষয়টি বিধি মোতাবেক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেন।
এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
