কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক দুটি অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ। এ সময় একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন— ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মেসিডেঙ্গী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রমজান আলী (৩৭), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পাটিছড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪৩) এবং চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে মো. শাহআলম (৪৫)।
বুধবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক উদ্দিন আকাশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বীরচন্দ্রনগর আলিম মাদ্রাসার সামনে অস্থায়ী চেকপোস্টে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালক রমজান আলীকে আটক করা হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে মহাসড়কের আমানগন্ডা এলাকায় বাবুলের হোটেলের সামনে একটি ট্রাকে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ট্রাকে থাকা আবুল হোসেন ও মো. শাহআলমকে আটক করা হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক দুটি অভিযানে মোট ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
