বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতাকে ছুরিকাঘাত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ০৮:২৭ এএম

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনায় ছুরিকাঘাতে কবির আহমেদ নামে এক জামায়াত নেতা গুরুতর আহত হন। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তিনি বর্তমানে সেখানে চিকিত্সাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। আহত কবির আহমেদ মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার এলাকার তৌহিদ হোসেনের ছেলে। তিনি গুলিস্তান শপিং মার্কেট ইউনিটের সভাপতি ও জামায়াতের রোকন। তিনি পেশায় মোবাইল পার্টস ব্যবসায়ী বলে জানা গেছে।

কবির আহমেদকে হাসপাতালে নিয়ে আসা আক্তার হোসেন বলেন, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে দুর্বৃত্তরা কবির আহমেদের কোমরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে সেখানে তিনি চিকিত্সাধীন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর