এনসিপির সাবেক জেলা আহ্বায়কের বিরুদ্ধে তিতাস নদী ভরাটের অভিযোগ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ১১:৩৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরসংলগ্ন এলাকায় ভরাট কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক জেলা আহ্বায়ক আজিজুর রহমান লিটনের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, নিজের জমির দাবি তুলে নদীর অংশ ও তীরবর্তী এলাকা ভরাট করা হচ্ছে, যা নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তরে মেড্ডা শ্মশানঘাটের পূর্ব পাশে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর এলাকায় তিতাস নদীর তীরঘেঁষা স্থানে ভরাট চলছে। স্থানীয়দের অভিযোগ, প্রথমে এক্সকাভেটর দিয়ে নদীসংলগ্ন নিচু ভূমি উঁচু করা হয়। পরে গত চার দিন ধরে বাল্কহেডে করে মেঘনা নদী থেকে বালু এনে নিয়মিত ভরাট করা হচ্ছে।

নদী ও জলাশয় রক্ষায় কাজ করা সামাজিক সংগঠন ‘ঢেউ’-এর আহ্বায়ক সোহেল আহাদ বলেন, প্রশাসনের নীরবতার সুযোগে তিতাস নদী দখল ও ভরাট অব্যাহত রয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে নদীটির অস্তিত্বই সংকটে পড়তে পারে।

অভিযোগ অস্বীকার করে আজিজুর রহমান লিটন বলেন, নদী নয়, তাঁর নিজস্ব জমিতে ভরাট করা হচ্ছে এবং জমিটি নদী থেকে প্রায় ২০ ফুট দূরে। তাঁর দাবি, এলাকায় শিল্পকারখানা স্থাপন হলে কর্মসংস্থান সৃষ্টি হবে। তবে এ ধরনের ভরাট বা শিল্প স্থাপনের জন্য কোনো সরকারি অনুমতি নেওয়া হয়নি বলেও তিনি স্বীকার করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর ও ভৈরব-আশুগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি দ্রুত খোঁজ নিয়ে ভরাট কার্যক্রম বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর