মালয়েশিয়ার জোহরে ১৬তম রাজ্য নির্বাচন, চলছে ভোটগ্রহণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকেমালয়েশিয়ার জোহর রাজ্যের ১৬তম রাজ্য নির্বাচনে শনিবার সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যজুড়ে ১ হাজার ৭৬টি ভোটকেন্দ্র ও ৪ হাজার ৮৮৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য নতুন রাজ্য সরকার গঠনের পথ নির্ধারণ করবেন ভোটাররা।

এবারের নির্বাচনে ২৭ লাখের বেশি নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। টানা ১৪ দিনের নির্বাচনী প্রচারণা শুক্রবার মধ্যরাতে শেষ হওয়ার পর শনিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ সন্ধ্যা ৬টা পর্যন্ত চললেও, কমসংখ্যক ভোটার রয়েছে এমন কয়েকটি কেন্দ্রে ধাপে ধাপে ভোটগ্রহণ শেষ হবে। কিছু কেন্দ্রে সকাল ১১টা থেকেই ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে।

জোহরের ৫৬টি রাজ্য আইনসভা আসনে ১৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১২টি আসনে চারমুখী, ২৭টি আসনে ত্রিমুখী এবং ১৪টি আসনে সরাসরি দ্বিমুখী লড়াই হচ্ছে।

নির্বাচন কমিশন (ইসি) এবার প্রায় ৭০ শতাংশ ভোটার উপস্থিতির লক্ষ্য নির্ধারণ করেছে। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে এবং রাত ১০টার মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

দেশটির রাস্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার এক প্রতিবেদনে বলছে, ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে নির্বাচন কমিশনের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা সকাল ৭টার আগেই অবস্থান নেন।

শনিবার সকালে জোহরের অধিকাংশ এলাকায় আবহাওয়া ছিল অনুকূলে। তবে মুয়ার জেলায় ভোর থেকেই ভারী বৃষ্টিপাত হলেও ভোটারদের উপস্থিতিতে তেমন কোনো প্রভাব পড়েনি। বৃষ্টিকে উপেক্ষা করে ভোটাররা এসজেকেসি লিমবং ও সেকোলাহ কেবাংসান ইসমাইল–১সহ বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকেঅন্যদিকে, মার্সিংয়ের সেকোলাহ কেবাংসান সেরি পান্তাই ভোটকেন্দ্রে পরিষ্কার আবহাওয়ার মধ্যে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রবীণ নাগরিকসহ অনেক ভোটার সকালেই ভোট দিতে উপস্থিত হন। একই ধরনের অনুকূল আবহাওয়া দেখা গেছে জোহর বাহরুর দেওয়ান রায়া তামান উংকু তুন আমিনাহ, বাতু পাহাতের এসএমকে সেনগারাং এবং কুলাইয়ের এসজেকেসি কুলাই ভোটকেন্দ্রেও।

উল্লেখ্য, গত ১ জুন জোহর রাজ্য আইনসভা ভেঙে দেওয়ার আগে ৫৬ সদস্যের পরিষদে বারিসান ন্যাশনাল (বিএন)-এর দখলে ছিল ৪০টি আসন। এছাড়া পাকাতান হারাপান (পিএইচ) ১২টি, পেরিকাতান ন্যাশনাল (পিএন) তিনটি এবং মালয়েশিয়ান ইউনাইটেড ডেমোক্রেটিক অ্যালায়েন্স (মুডা) একটি আসনের প্রতিনিধিত্ব করছিল।



ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিডটি অনুসরণ করুন


Google News

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর