কর্মকর্তাদের জনগণের সেবক হয়ে কাজের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ এএম

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা প্রদান নিশ্চিত করতে বদ্ধপরিকর। 

মাঠ প্রশাসনের সঙ্গে যুক্ত সব কর্মকর্তাকে আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের উদ্দেশ্যে বলেন, সফলভাবে দায়িত্ব পালনের জন্য সবাইকে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্পূরকের মাধ্যমে কাজ করতে হবে।

বাংলাদেশের ১৮ কোটি মানুষ এ দেশের প্রকৃত মালিক—এ কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, আমাদের মনস্তত্ত্বে যেন সবসময় থাকে যে আমরা জনগণের সেবক। সেবার মানসিকতা ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান ভূমি প্রতিমন্ত্রী।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় সব বিভাগের বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন