মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন করেরহাট ইউনিয়নের পূর্ব আলীনগর এলাকার মৃত মানু মিয়ার ছেলে মো. জামশেদ হোসেন প্রকাশ শুভ (২৩), মো. পিন্টু মিয়ার ছেলে মো. শরিফুল ইসলাম প্রকাশ জনি (২৬), বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার মৃত ছান উল্লাহর ছেলে সাইফুল ইসলাম প্রকাশ চাঁদ মিয়া (২০), ধুম ইউনিয়নের নাহেরপুর এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে আসিফ মাহমুদ প্রকাশ অভি (২৪), ধুম এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৮) এবং ইছাখালী ইউনিয়নের দেওখালী এলাকার শামসুদ্দিনের ছেলে মো. মাশরাফি (২০)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রাতে ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রজব আলী সওদাগর বাড়ির নুর হোসেনের বসতঘর থেকে মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ইয়ামাহা কোম্পানির একটি আর-১৫ মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার ‘করেরহাট বাইক ল্যাব’ নামের একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি হিরো ও অন্যটি প্লাটিনা মোটরসাইকেল।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মোটরসাইকেলগুলো চুরি করে বিভিন্ন এলাকায় বিক্রির চেষ্টা করছিল চক্রটি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে। চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন