সাব-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাশিয়ান হাউসে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ এএম

বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক ও মানবিক বন্ধনের অংশ হিসেবে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সাব) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত ১৪তম নির্বাহী কমিটির অভিষেক উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক ও আলোচনা সন্ধ্যা উদযাপিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান হাউসে সাব-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জনকারী বাংলাদেশি গ্র্যাজুয়েটরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজনে  আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় সাব-এর নবনির্বাচিত ১৪তম কমিটির নির্বাহী সদস্যদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। তিনি সাবেক শিক্ষার্থীদের ঢাকা ও মস্কোর মধ্যকার বন্ধুত্বের অনন্য ও জীবন্ত সেতু হিসেবে অভিহিত করেন।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, শিল্প ও বৈজ্ঞানিক অগ্রগতির পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করতে এই গ্র্যাজুয়েটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন দেশের সার্বিক উন্নয়নে সাব-এর সদস্যদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, সাবেক সোভিয়েত ও রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনকারীদের জ্ঞান ও দক্ষতা প্রকৌশল, চিকিৎসা, শিক্ষা, কৃষি, বিজ্ঞান ও জনশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এ ছাড়া বক্তব্য দেন ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়। তিনি সত্তর ও আশির দশকে সুদূর সোভিয়েত ইউনিয়নে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমানো বাংলাদেশি শিক্ষার্থীদের সাহস ও প্রত্যয়ের কথা স্মরণ করেন এবং তাদের মৈত্রী ও সংস্কৃতির দূত হিসেবে আখ্যা দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা হয়। এতে মহাকবি আলেকজান্ডার পুশকিনের বিশ্বখ্যাত কবিতা ‘আই লাভড ইউ’ আবৃত্তি, ভরতনাট্যম ও মণিপুরী নৃত্য এবং প্রখ্যাত শিল্পী তিমির নন্দীর কণ্ঠে কালজয়ী রাশিয়ান গান ‘মস্কো নাইটস’ পরিবেশিত হয়।

সবশেষে আমন্ত্রিত শিল্পী ও অতিথিদের সম্মিলিত কণ্ঠে ‘আমরা করব জয়’ (উই শ্যাল ওভারকাম) গানটির মাধ্যমে সাংস্কৃতিক পর্বের সমাপ্তি ঘটে। এরপর প্রীতি নৈশভোজ ও দলগত আলোকচিত্র গ্রহণের মাধ্যমে বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বের এই ঐতিহাসিক ও স্মরণীয় সন্ধ্যার সমাপ্তি হয়। অনুষ্ঠানে সাব-এর সভাপতি ড. প্রকৌশলী মোস্তফা আবিদ খান ও সাধারণ সম্পাদক স্থপতি তানিয়া আতিক সহ সাবেক অ্যালামনাইগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন