সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। কোনো ধরনের দমন-পীড়ন বা সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। তারা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, দীর্ঘ ১৭ বছর ধরে জেল-জুলুম চালিয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লালপুর উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও জনবান্ধব হতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবীর হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
সভা শেষে প্রতিমন্ত্রী স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। লালপুরের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
এর আগে প্রতিমন্ত্রী লালপুর জেলা যুব কমপ্লেক্স পরিদর্শন করে চলমান কার্যক্রমের খোঁজখবর নেন। পরে উপজেলার একটি পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে মৎস্যসম্পদ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
