আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ এএম

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.)-এর মাজার এলাকায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। পাশাপাশি এসএসএফ, পুলিশ, র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

রাষ্ট্রপতির সফর ঘিরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০৮টি সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও বডি-অন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। মোতায়েন করা হয়েছে ১ হাজার ২০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এ ছাড়া রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নগরীর বিমানবন্দর, জিন্দাবাজার, চৌকিদেখী, চৌহাট্টা, দরগাহ, আম্বরখানা ও টিলাগড়সহ সাতটি পয়েন্টে তাকে স্বাগত জানাবে সিলেট বিএনপি। রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটবাসীর মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে।

সরেজমিনে সোমবার বিকেলে দেখা যায়, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাজার দুটির মসজিদ ও বিভিন্ন ভবনে নতুন করে রং করা হয়েছে। পাশাপাশি সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করা হয়েছে। সিলেট সার্কিট হাউজেও বিভিন্ন রঙে আলপনার কাজ করা হয়েছে।

রাষ্ট্রপতির সফর ঘিরে মাজার দুটিতে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায়ও চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। সিলেট সিটি করপোরেশনের নগরভবনের সামনের এলাকা থেকে জিন্দাবাজার, চৌহাট্টা, দরগাহ, আম্বরখানা, বিমানবন্দর সড়ক, টিলাগড়, মেজরটিলা ও শাহপরান মাজার এলাকা পর্যন্ত বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। সড়কের ডিভাইডারগুলোতে নতুন করে রং করা হচ্ছে।

এদিকে রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশস্থলও প্রস্তুত করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি সার্কিট হাউজে যাবেন। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে আবার সার্কিট হাউজে ফিরবেন। মধ্যাহ্নভোজ শেষে বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশন ও নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। সেখানে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মসূচি শেষে রাত ৮টার বিমানে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে বিশেষায়িত চারটি টিম কাজ করবে। এর মধ্যে রয়েছে সিআরটি, বোমা ডিসপোজাল, ড্রোন ও স্ট্রাইকিং টিম। নগরীর গুরুত্বপূর্ণ স্থান এবং রাষ্ট্রপতির চলাচলের রুটে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, নগরীর বিভিন্ন পয়েন্টে স্থাপিত ১০৮টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। রাষ্ট্রপতির সফর ঘিরে সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনায় প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন। র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

বিশেষ নিরাপত্তার আওতায় রাখা হয়েছে সিটি করপোরেশনের সংবর্ধনাস্থল, বিমানবন্দর সড়ক, হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা, শাহপরান (রহ.) মাজার এলাকা ও সার্কিট হাউজসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো। রাষ্ট্রপতির সফর উপলক্ষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও বিশেষ চিকিৎসা ও জরুরি ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী কালবেলাকে বলেন, আজ সিলেটবাসীর জন্য আনন্দ ও গৌরবের দিন। রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক ও জাতির ঐক্যের প্রতীক হিসেবে সিলেটে আসছেন। তাকে স্বাগত জানাতে নগরবাসী প্রস্তুত। সার্কিট হাউজ অভিমুখী পথে আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, টিলাগড়, শাহপরান ও দরগাগেটসহ গুরুত্বপূর্ণ সাতটি পয়েন্টে সর্বস্তরের মানুষ ও নেতা-কর্মীরা তাকে অভ্যর্থনা জানাবেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন কালবেলাকে বলেন, রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে ট্রাফিক, সিটিএসবি, গোয়েন্দা ও পোশাকধারী পুলিশসহ সংশ্লিষ্ট সব বাহিনীর সমন্বয়ে সুদৃঢ় নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। রাষ্ট্রপতির যাতায়াতের রুট, পাঁচটি ভেন্যু, আশপাশের এলাকা ও বিভিন্ন ভবনের ছাদে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ১ হাজার ২০০-এর বেশি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সিআরটি ও ডিবি টিম, ড্রোন নজরদারি ও স্ট্রাইকিং টিম প্রস্তুত থাকবে। র‍্যাবের সুইপিং টিম, এসবি, বিজিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থাও সমন্বিতভাবে কাজ করবে। মেট্রোপলিটন এলাকার ১০৮টি সিসিটিভি ক্যামেরার পাশাপাশি দায়িত্বে থাকা সদস্যরা বডি-অন ক্যামেরা ব্যবহার করবেন।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে এসএসএফ, পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে প্রায় ৮০০ অতিথির ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন পেশার নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং করাসহ প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সেখানে এসএসএফ, পুলিশের বিভিন্ন ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। 

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান কালবেলাকে বলেন, রাষ্ট্রপতিকে বরণ করতে সিলেটবাসী প্রস্তুত। শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত এবং সুধী সমাবেশে তাকে বরণ করতে মহানগর বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে যেন রাস্তাঘাট বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনকে বলা হয়েছে। নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলেও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও নগরীর কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেটিই মূল উদ্দেশ্য।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী কালবেলাকে বলেন, মঙ্গলবার সকাল ১১টার দিকে রাষ্ট্রপতি সিলেটে পৌঁছে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে মধ্যাহ্নভোজ করে বিকেল সাড়ে ৩টায় সিটি করপোরেশন ও নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত অরাজনৈতিক নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। সেখানে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম কালবেলাকে বলেন, রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে এসএসএফ, জেলা প্রশাসন, এসএমপি, র‍্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পাঁচটি ভেন্যু পরিদর্শন করে পোশাক ও সাদা পোশাকে পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নগরের বিভিন্ন প্রবেশপথে বিশেষ চেকপোস্ট এবং ট্রাফিক ব্যবস্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রাষ্ট্রপতির সফর নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ করতে তিনি নগরবাসীকে ট্রাফিক আইন ও নিরাপত্তা নির্দেশনা মেনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন