সন্ত্রাসবিরোধী মামলায় স্কুলছাত্রের জামিন, যে শর্ত দিলেন আদালত

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ এএম

লক্ষ্মীপুরের রামগতিতে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি স্কুলছাত্র মো. আল-আমিনকে জামিন দিয়েছেন আদালত। প্রতি সোমবার আদালতে উপস্থিত থাকার শর্তে তার জামিন মঞ্জুর করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদেকুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুর রব সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আল-আমিন রামগতি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার ১১ নম্বর আসামি। সে একজন স্কুলছাত্র। সোমবার ক্লাস না করে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক প্রতি সোমবার আদালতে উপস্থিত থাকার শর্তে তার জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত আল-আমিন রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের মো. শাহীনের ছেলে। সে চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। পুলিশের অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিপন্ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়। মিছিলের ভিডিও ধারণ করে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ৪ জুন রামগতি থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে মো. রিমনসহ ১২ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

এর আগে গত ১৭ আগস্ট একই মামলার আসামি দশম শ্রেণির ছাত্র মো. রিমন বাচ্চুকে একই শর্তে জামিন দেন আদালত। সোমবার তাকে আদালতে উপস্থিত থাকতে দেখা গেছে।

রিমন রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। সেও চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন