নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ শতাধিক গ্রেপ্তার

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম

নারায়ণগঞ্জের পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় ১৫ পিস ইয়াবাসহ সাতজন মাদকসেবী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্যসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফতুল্লা মডেল থানা এলাকায় গ্রেপ্তার করা হয়েছে ২৫ জন মাদকসেবীকে।

বন্দর থানা পুলিশের অভিযানে আটজন মাদকসেবী, ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি, অন্যান্য আইনে তিনজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ ১৫ জন গ্রেপ্তার হয়েছেন। রূপগঞ্জে পাঁচজন মাদকসেবী ও অন্যান্য আইনে একজনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জে ১৫ জন মাদকসেবী এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কার্যক্রমে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁওয়ে ১৫ জন মাদকসেবী, একজন ছিনতাইকারী ও অন্যান্য আইনে নয়জনসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। আড়াইহাজারে পাঁচ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ছাড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কার্যক্রমে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন এবং একজন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন