পঞ্চগড়ে দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

পঞ্চগড়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শহরের সিনেমা হল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। তারা দুজনই পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থক। 

দলীয় নেতাকর্মীরা জানান, রাতে দলীয় কার্যালয়ে কয়েকজন সাংবাদিক নিয়ে সংবাদ সম্মেলন করে সিনেমা হল মার্কেটে চা খেতে যান পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সমর্থকরা। সেখানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের কয়েকজন সমর্থকের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হলে তারা যুবদল নেতা আরিফুল ইসলাম ইরানকে মারধর করেন। ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। পরে নেতাকর্মীরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে রংপুরে রেফার করা হয়। 

এদিকে পঞ্চগড় বাজার থেকে বাড়ি ফেরার সময় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে অপরপক্ষের নেতাকর্মীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদকেও মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি। তাকেও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। 

জানা গেছে, রোববার সকালে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতে মতবিনিময় সভায় দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল শুরু হয়।

এরই জেরে রোববার রাতে পঞ্চগড় শহরে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। ওই ঘটনার পরদিনই দুই নেতার ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল্লাহ বলেন, ‘আরিফুল ইসলাম ইরান নামে যাকে হাসপাতালে আনা হয়েছে তার পেটের নিচে আঘাতের চিহ্ন আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এ ছাড়া আরেকজনকে আমরা চিকিৎসা দিয়েছি।’

পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান বলেন, ‘আমি কয়েকজনকে নিয়ে সিনেমা হল এলাকায় চা খেতে গিয়েছি। এসময় আমার ওপর অতর্কিত হামলা করেছে ময়নুল ইসলাম, দীপুসহ অনেকে। আমি প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার চাই। সেইসঙ্গে তাদের বহিষ্কারের দাবি জানাচ্ছি।’

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান বলেন, ‘ইরান পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদসহ জেলা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে নিয়ে অকথ্য ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে উল্টাপাল্টা পোস্ট করছে। আমরা তার প্রতিবাদ জানাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করি। তবে ইরান ও হারুনের ওপর কারা হামলা করেছে আমরা কিছুই জানি না।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল চলছে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন