তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম

পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে এক তরুণীকে উত্ত্যক্ত ও গভীর রাতে তার বসতঘরের পেছনে প্রবেশের অভিযোগে আমিনুল ইসলাম বারেক নামে ৭ নম্বর ওয়ার্ডের এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের মানিক বয়াতির বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বারেক দীর্ঘদিন ধরে মানিক বয়াতির মেয়ে আয়েশাকে মোবাইল ফোনে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার রাতে তিনি তরুণীকে বাড়ির পেছনের বাথরুমের কাছে আসতে বলেন। এ সময় বাথরুমের পাশে সন্দেহজনক শব্দ পেয়ে পরিবারের সদস্যরা টর্চলাইটের আলো জ্বালালে বারেক পালানোর চেষ্টা করেন। দৌড়াতে গিয়ে তিনি পাশের টিনের বেড়া ও সার রাখা গর্তে পড়ে যান। পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করেন।

আটকের পর বিক্ষুব্ধ জনতা তাকে মানিক বয়াতির বসতঘরে নিয়ে পায়ে শিকল দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে তার স্বজন ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা দুমকী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন নিজেও ঘটনাস্থলে যান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বারেক মেম্বার নিয়মিত ওই তরুণীকে মোবাইলে কুপ্রস্তাব ও হুমকি দিতেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডও তাদের কাছে রয়েছে।

দুমকী থানার ওসি সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন