চট্টগ্রাম নগরের পাথরঘাটায় অটোরিকশার এক যাত্রীকে ছোরার ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে নগরের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পাথরঘাটার ১৬ নম্বর সতিশ বাবুর লেইনে মজিবুর রহমানের ছয়তলা ভবনের সামনে সড়কে এক অটোরিকশা যাত্রীর গতিরোধ করে তিন ছিনতাইকারী। এ সময় ছুরির ছোরার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, জিজ্ঞাসাবাদে মনির জানিয়েছেন, তিনি ও তার সহযোগীরা ব্যাটারিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে গিয়ে ওই যাত্রীর গতিরোধ করেন। পরে ছুরির ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেন। মনিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ২০ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৯২ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার মনির হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক দুই সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
