সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণার পর পাল্টাপাল্টি কর্মসূচি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ এএম

সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে নতুন কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আনন্দ মিছিল বের করেন জেলা যুবদলের নেতা-কর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চায়না-বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু ও যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী। এ সময় নবগঠিত জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মিছিল হবে, সেই এলাকার জাতীয়তাবাদী দলের কমিটি বাতিল করা হবে।

এর আগে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহসভাপতি, মো. শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করে সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এদিকে নতুন কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ার অভিযোগে মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় বিক্ষোভ করেছেন। রোববার বিকেলে প্রায় এক ঘণ্টা ধরে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তাঁরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মিছিল করেন।

বিক্ষোভকারীরা অবিলম্বে জেলা যুবদলের ঘোষিত কমিটি পুনর্গঠনের দাবি জানান। সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

পরে মমতাজুল ইসলাম চন্দন ঘটনাস্থলে গিয়ে তাঁর সমর্থকদের বিক্ষোভ বন্ধ করার অনুরোধ করেন। এরপর কর্মী-সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন