নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্বপন চন্দ্র (৫০) নামের এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন চন্দ্র বগুড়া জেলার শেরপুর থানার ভাটরা গ্রামের মৃত গোবর্ধন চন্দ্রের ছেলে।
পুলিশ জানায়, ভোরে একটি খালি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে নাটোরের দিকে আসছিল। একই সময়ে বিপরীত দিক নাটোর থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটিকে সামনে থেকে চাপা দেয়। মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক স্বপন চন্দ্রের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পর ট্রাকটি রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে পবা হাইওয়ে থানা (পুঠিয়া, রাজশাহী) পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পবা হাইওয়ে থানার এএসআই হায়দার আলী জানান, ঘাতক ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
