চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) শ্রমিক মো. ইমরান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা হাক্কানি ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ইমরান বগুড়া কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রামের বাসিন্দা নাছির উদ্দিনের ছেলে।
কুমিরা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, উপজেলার বারৈয়াঢালায় হাক্কানি ফিলিং স্টেশনের সামনে পিকআপের লাইট জ্বালিয়ে বিটিসিএলের ইন্টারনেট সংযোগ মেরামতের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকামুখী লেনে থাকা একটি ট্রাক বিটিসিএলের গাড়িতে ধাক্কা দেয়। এতে চাপে পড়ে ইমরান ও জাকির হোসেন। এ সময় ইমরানের মাথায় গুরুতর জখম হয় এবং ঘটনাস্থলেই মারা যান।
কুমিরা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নুরুল আবছার বলেন, খবর হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এর আগে দুর্ঘটনার পরপরই অন্য শ্রমিকদের সহায়তায় আহত জাকিরকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
