জামাইয়ের লাথির আঘাতে শ্বশুর নিহত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলায় মেয়ে জামাইয়ের লাথির আঘাতে শ্বশুরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামাই রাসেলকে (২৭) পুলিশ আটক করেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন। তিনি জানান, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক আলী (৪৯) সাকরাইল গ্রামের মৃত রুপচানের ছেলে। পেশায় তিনি একজন হ্যালোবাইক চালক। একই ইউনিয়নের পাশের গ্রামের বিশ্বনাথপুরের হাবিবুলার ছেলে রাসেলের সঙ্গে প্রায় ৩ বছর আগে পারিবারিকভাবে মেয়ের বিয়ে দেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দুজন চোর সিদ্দিক আলীর বাড়ি থেকে হ্যালোবাইকের ব্যাটারি ও চার্জার চুরি করে নিয়ে যাচ্ছিল। দেখতে পেয়ে সিদ্দিকের ছেলে পেছন থেকে একজনকে ধরে চিৎকার করে ওঠেন। তার চিৎকারে পরিবারের সদস্যসহ আশপাশে প্রতিবেশিরাও এগিয়ে আসে।

পরে চোরকে আলোতে নিয়ে দেখা যায় বাড়ির মেয়ের জামাই রাসেল। এ সময় পরিবারের লোকজনের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে রাসেল তার শ্বশুরকে লাথি মেরে মাটিতে ফেলে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, রাসেল একজন নেশাগ্রস্ত ব্যক্তি। নেশার টাকার জন্য সে মাঝেমধ্যেই চুরি করতেন।

নিহত সিদ্দিক আলীর স্ত্রী রুনা বেগম বলেন, রাতে আমার ছেলে চোর ধরে চিৎকার করে উঠলে দেখি সে আমার মেয়ের জামাই রাসেল। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে রাসেল আমার স্বামীকে লাথি মারলে মাটিতে লুটিয়ে পড়ে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, সিদ্দিক আলীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ের জামাই রাসেলকে আটক করা হয়েছে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন