জামায়াতের গণসংযোগে বিএনপির হামলা, আহত ৭

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগকালে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সেক্রেটারিসহ অন্তত সাতজন আহত হয়েছেন বলে দাবি করেছে জামায়াত। তবে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিএনপি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অললি বাঁশতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জামায়াত ও স্থানীয় সূত্রের দাবি, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য শফিকুল ইসলাম (হিরণ) খানের নেতৃত্বে একটি দাওয়াতি টিম গণসংযোগে বের হয়। দলটি অললি বাঁশতলী বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা খুরশিদ, জসিম, মুমিন ও সোজন খানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এতে নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সহসভাপতি মাওলানা আশরাফুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল আজিজসহ অন্তত সাতজন আহত হন বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলেও দাবি করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘটনাটিকে পূর্বপরিকল্পিত হামলা দাবি করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, ‘জামায়াতের শান্তিপূর্ণ গণসংযোগ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তবে জামায়াতের এই অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতারা। দক্ষিণ জেলা যুবদলের সদস্য ইয়াছিন খান বলেন, ‘আওয়ামী লীগের নেতা রুবেল মাস্টারের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় জনগণ তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তবে জামায়াতে ইসলামীর মিছিলে আমরা কোনো ধরনের হামলা করিনি। আমাদের বিরুদ্ধে হামলার যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জামায়াতের মিছিলে হামলার কোনো ঘটনাই ঘটেনি।’

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী বলেন, ‘আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমি শুনেছি, সেখানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মীদের নিয়ে মিছিল করছিলেন। এ সময় বিএনপির লোকজনের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো ধরনের হামলা বা সংঘর্ষের আলামত পায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগও দেয়নি।’
 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন