দুই লাখ টাকা ঘুষ নিতে গিয়ে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

চট্টগ্রাম দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার, হেড ক্লার্ক ও এক উমেদারকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

দুদক সূত্র জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া আটকে রাখা হয়।

পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেন ওই আইনজীবী। এ ঘটনায় প্রথমে দুদকের হটলাইন ১০৬-এ কল দিয়ে অভিযোগ করেন তিনি। পরে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন।

অভিযোগের পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ট্র্যাপ অভিযান পরিচালনা করে দুদক। এ সময় দুই লাখ টাকা ঘুষ গ্রহণকালে সাব-রেজিস্ট্রার তাদের আটক করা হয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ কালবেলাকে বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন