দিনাজপুরে স্ত্রী কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ এএম

স্ত্রীকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী কনক রায় ও শাশুড়ি সরিষা রানীকে (৫৫) গ্রেপ্তার পার্বতীপুর মডেল থানা পুলিশ। বাড়ির উঠানে স্বামী কনক রায়ের ধারালো দেশীয় বাসিলা’র (অস্ত্র) আঘাতে ফাল্গুনী রায় (২১) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের পূর্ব নারায়নপুর বাবুপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। 

এ ঘটনায় গ্রামবাসী স্বামী কনক রায়কে (২৪) আটক করে নারায়নপুর কালিরথান মন্দিরের বটগাছে বেঁধে রাখে। পরে গ্রামবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পার্বতীপুর মডেল থানা পুলিশ। কনক রায় ওই গ্রামের জগদীস রায়ের ছেলে।  
পারিবারিক ও স্থানীয় সূত্র জানিয়েছে, প্রায় দুই বছর আগে কনক রায়ের সঙ্গে রংপুরের বদরগঞ্জ উপজেলার টেক্সেরহাট কিসমত পাথারীপাড়া গ্রামের নবকান্তি রায়ের মেয়ের সাথে ফাল্গুনী রানীর বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহের জের ধরে নববধূ ফাল্গুনী রানী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে অবস্থান করে। তাদের এ দম্পতির কণিকা রানী নামে ৫ মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে। 

গত ১৫ সেপ্টেম্বর মনশাপূজার জন্য কনক রায় তার স্ত্রী ফাল্গুনীকে নিয়ে পূর্ব নারায়নপুর বাবুপাড়া গ্রামে নিজ বাড়িতে আসে।

মঙ্গলবার সকালে শাশুড়ি সরিষা রানী ডাক্তারের কাছে যায়। এসময় স্বামী কনক রায় ঘটনাস্থলে এসে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে তর্কাতর্কি শুরু করে। একপর্যায়ে কনক রায় তার হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে স্ত্রী ফাল্গুনীর কপালে ও মুখে উপর্যুপরি আঘাত করে। এতে সে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিশনারি ল্যাম্ব হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। 
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ জানান, এ ঘটনায় নিহতের বাবা নবকান্তি রায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত স্বামী কনক রায় ও শাশুড়ি সরিষা রানীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন