ভারতে পাচারের এক যুগ পর দেশে ফিরল কিশোরী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ এএম

ভারতে পাচারের এক যুগ পর বাংলাদেশি এক কিশোরীকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার কিশোরীর বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। 

ওই কিশোরী জানায়, প্রায় ১২ বছর আগে একটি নারী পাচারকারী দল তাকে ভারতে নিয়ে বেঙ্গালুরু এলাকায় বিক্রি করে দেয়।

বিজিবি সূত্র জানায়, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে পাটগ্রাম উপজেলার পানবাড়ী গ্রামের পাইকারপাড়া সীমান্ত এলাকায় দিগ্‌বিদিক ঘুরে বেড়াচ্ছিল ওই কিশোরী। স্থানীয়রা বিষয়টি পানবাড়ী বিজিবি ক্যাম্পে জানালে বিজিবির সদস্যরা কিশোরীকে উদ্ধার করেন। পরে কিশোরীর দেওয়া পরিচয় ও ঠিকানায় যোগাযোগ করে সোমবার তার বাবাকে ডাকা হয়।
পরে মঙ্গলবার সকালে কিশোরীর বাবা ও তার এলাকার ইউনিয়ন পরিষদের এক সদস্য পানবাড়ী বিজিবি ক্যাম্পে এসে কিশোরীকে শনাক্ত করেন। পরে প্রয়োজনীয় যাচাই শেষে সন্ধ্যায় বিজিবি ওই কিশোরীকে তার বাবার হাতে তুলে দেয়।

বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন জানান, বিজিবির হেফাজতে থাকা কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন