নড়াইলের নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে নড়াগাতী থানার কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুটিমারী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও এসআই হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পুটিমারী গ্রামের মো. এসকেন শেখকে আটক করে। পরে তাকে হ্যান্ডকাপ পরিয়ে পুটিমারী বাজারে নিয়ে আসার সময় আসামির স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আসামি এসকেন শেখের বাবা বাবলু শেখ এবং ভাই নয়ন শেখ ও সজল শেখ লাঠিসোঁটা নিয়ে এসআই মুরাদের হাত, পিঠ ও ঘাড়ে আঘাত করেন। এ সময় এসকেনের মামাতো ভাই হৃদয় মোল্লা, প্রতিবেশী আল আমিন শেখ, সাবেক নড়াগাতী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর মোল্লা, তাজু শেখ, শামীম শিকদার, হাফিজুর রহমান ও রাসেল শেখসহ স্থানীয় কয়েকজন সংঘবদ্ধ হয়ে পুলিশকে লাঞ্ছিত করেন এবং এসকেনকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যান।
খবর পেয়ে নড়াগাতী থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পরবর্তীতে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুটিমারী ঈদগাহের গেটের সামনে থেকে পুলিশের ছিনতাই হওয়া হ্যান্ডকাপটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামি এসকেন শেখকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িতদের আটকে ওই এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।’
