রাজপথে সোচ্চার থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: মিফতাহ সিদ্দিকী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ এএম

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল সাহসী ও গৌরবময় ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকে গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর রেজিস্টারি মাঠে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচির আয়োজন করে।

মিফতাহ সিদ্দিকী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ফ্যাসিস্ট ও গুপ্তদের ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। দেশের স্বার্থে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের রাজপথে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ, কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত তারেক রহমানের সরকার ও বিএনপির অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে এবং সদস্যসচিব শাকিল মুর্শেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহ্বায়ক আলী মো. নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরওয়ার রেজা, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কুহিনুর আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস শহীদ, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, সৌদি আরব প্রাদেশিক বিএনপির আহ্বায়ক জাকারিয়া আরেফিন ফয়সল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন ও মহানগর বিএনপির সাবেক সদস্য টুটুল আহমদসহ দলীয় নেতাকর্মীরা।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুল আমিন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন