এক রাতেই ৭০০ কলাগাছ কাটল দুর্বৃত্তরা, নিঃস্ব কৃষক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম

জয়পুরহাটে রাতের আঁধারে দেড় বিঘা জমির প্রায় সাতশ কলাগাছ কেটে ফেলে এক দরিদ্র প্রান্তিক কৃষকের স্বপ্ন ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। 

ক্ষতিগ্রস্ত ওই সব কলাগাছের অধিকাংশতেই মোচা (কলাগাছের মগজ) বের হয়েছিল। আর মাত্র আড়াই থেকে তিন মাসের মধ্যেই কলাগুলো পরিপক্ব হয়ে বাজারে বিক্রির উপযোগী হতো। কিন্তু গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে দুর্বৃত্তদের এই বর্বরতায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়ে নিঃস্ব হয়ে গেছেন কৃষক নূর মোহাম্মদ।

এ ঘটনায় বিচার চেয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন নূর মোহাম্মদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নূর মোহাম্মদ একজন প্রান্তিক কৃষক। এনজিও থেকে ঋণ ও স্থানীয়ভাবে ধারদেনা করে তিনি ‘গতনশর’ মাঠে নিজের দেড় বিঘা জমিতে কলা চাষ করেছিলেন। গাছে ফলন ধরা শুরু করতেই দুর্বৃত্তরা এক রাতেই পুরো বাগানের গাছ কেটে নিশ্চিহ্ন করে দেয়।

ক্ষতিগ্রস্ত কৃষক নূর মোহাম্মদ আকুতি জানিয়ে বলেন, ‘গত বছর এই জমি থেকে খরচ বাদে আমার প্রায় ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল। এবার কলার বাজারদর ভালো থাকায় আরও বেশি লাভের আশা করছিলাম। কিন্তু দুর্বৃত্তরা আমার সবকিছু শেষ করে দিল। এখন এনজিওর ঋণ ও ধারের টাকা কীভাবে শোধ করব, ভেবে পাচ্ছি না।’

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কৃষক নূর মোহাম্মদের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত চালানো হচ্ছে এবং জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন