ভোলার বোরহানউদ্দিনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণকে কেন্দ্র করে ডিলারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে পক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মাতব্বরের বিরুদ্ধে। দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই ডিলারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর তার ক্যাশবাক্স থেকে ৫৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় তৈয়বুর রহমান মাতব্বরের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিজেকে ভুক্তভোগী দাবি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও পক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহিম ওরফে হাসান ফারাজী।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের নিচতলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ চলছিল। এ সময় তৈয়বুর রহমান মাতব্বর ডিলার হাসান ফারাজীর কাছে ৩ লাখ টাকা দাবি করেন।
হাসান ফারাজীর অভিযোগ, তিনি দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে তৈয়বুর রহমান তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পরে তার ক্যাশবাক্সে থাকা ৫৫ হাজার টাকা নিয়ে যান। ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, এর আগেও তার কাছে একই পরিমাণ টাকা দাবি করা হয়েছিল। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে অভিযুক্তকে সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তৈয়বুর রহমান মাতব্বর সব অস্বীকার করে বলেন, ‘চাঁদার টাকা নয়, আমি আমার লাভের টাকা নিয়েছি। আমি তার ব্যবসায়িক পার্টনার। আমার কাছে ব্যবসায়ীক কাগজপত্র সবই রয়েছে।’
তবে হাসান ফরাজির দাবি এসব কাগজপত্র ভুয়া, এমনকি তার সাক্ষর জালিয়াতি করা হয়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে, তৈয়বুর রহমানের বিরুদ্ধে ৫ আগস্টের পর থেকেই একাধিক চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। পরে দলীয়ভাবে ব্যবস্থাও নেওয়া হয়। তাকে বহিষ্কার করা হয়। দীর্ঘদিন বহিষ্কার থাকার পর জাতীয় নির্বাচনের সময় দলীয়স্বার্থে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। এরপরেই তৈয়বুর আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ করেছেন তারা।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফ আলী বলেন, ‘থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
