বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীন আটক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ এএম

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুর রহমান সাহীন ওরফে ভিপি সাহীনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে কয়েকজন সহযোগীসহ আটক করা হয়।

আটক অন্যরা হলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি আবু জাফর সিদ্দিক রিপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের মো. সাব্বির ও মো. ফেরদৌস।

সাজেদুর রহমান সাহীন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা শাখার সভাপতি। তিনি শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুর রহমান সাহীনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তাকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাকে আদালতে উপস্থাপন করা হবে। এর আগে গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর