সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে ম্যান্ডেট দিয়ে সরকার গঠনের দায়িত্ব দিয়েছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণের মাধ্যমে তিনি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় হয়ে উঠেছেন। তবে পলাতক ফ্যাসিস্টরা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। এ বক্তব্যের বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
কয়ছর আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। কিন্তু সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের জন্য বাংলাদেশ নয়। এদের জায়গা এ দেশে হবে না।’
তিনি আরও বলেন, ‘১৯৭১ সালেও ফ্যাসিস্ট হাসিনার বাবাও এ দেশের মানুষকে ছেড়ে পালিয়েছিলেন। হাসিনাও একাধিকবার পালিয়েছেন। ২০২৪ সালেও ফ্যাসিস্ট হয়ে পালিয়েছেন। যারা দেশ ছেড়ে পালায়, তারা দেশে ফিরতে পারে না, এরা ফিরবে না। জনগণের নির্বাচিত সরকার পলাতক গণহত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে গুম, খুন ও গণহত্যার বিচার করবে। যারা দেশকে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল করতে চায়, তাদের রাজপথে প্রতিহত করা হবে।’
ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের বিরোধিতা করেছিল, এখন তারাই ফ্যামিলি কার্ড চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। একদল মুখে মুখে মানুষকে বেহেশতের চাবি দিয়ে দেয়। কিন্তু বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে।’
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগরের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ।
এ সময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
