শরীয়তপুরে মাদক উদ্ধার, অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন। আগস্ট ২০২৬ মাসের সামগ্রিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে মোহাম্মদ বোরহান উদ্দিনের হাতে প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার রওনক জাহান।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আগস্ট মাসে গোসাইরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার, মামলার তদন্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থানা পুলিশ। এসব কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি জনবান্ধব পুলিশিংয়ে ভূমিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গোসাইরহাট থানায় দায়িত্ব নেওয়ার পর থেকেই অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে আসছেন ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন।
সম্মাননা প্রদানকালে পুলিশ সুপার রওনক জাহান জেলার সব থানার কর্মকর্তাদের জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ ও মাদক দমন, আদালতের পরোয়ানা তামিল এবং জনগণের সঙ্গে মানবিক আচরণ বজায় রাখার নির্দেশনা দেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, এই স্বীকৃতি তার দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভবিষ্যতেও আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন তিনি।
মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আবু সিয়ামসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন থানার ওসি, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং অন্যান্য ইউনিটের কর্মকর্তারাও সভায় অংশ নেন।
