নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৮ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় আলমগীর ওরফে আলমগীর ড্রাইভার (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এবং মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি সোনারগাঁ থানার মোগড়াপাড়ার মেনীখালী ব্রিজসংলগ্ন মদিনা টাওয়ারের সামনে ঢাকাগামী সড়কে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা আলমগীর ওরফে আলমগীর ড্রাইভারের হেফাজত থেকে ৩৮ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ছিল ১ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা।
এ ঘটনায় সোনারগাঁ থানার এসআই মো. নুরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৩১ মার্চ আলমগীরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
পরে মামলাটি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এবং মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন ছিল। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, ৩৮ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় আদালত আসামি আলমগীর ওরফে আলমগীর ড্রাইভারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
