ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬, ০২:০১ এএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করে গঠিত এ কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্য সচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহবায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে।’

তবে কমিটি বিলুপ্ত করার কোনো কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অতি শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

এর আগে ২০২৪ সালের ২৬ নভেম্বর আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করে ৫১ সদস্যের এ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছিল বিএনপি। দলের ওয়েবসাইটেও ওই কমিটির তালিকা প্রকাশ করা হয়েছিল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন