মরদেহের পাশে পাওয়া স্যান্ডেল-ঘড়িতে মিলল পরিচয়, আটক ৩

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে সড়কের পাশে খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটির শরীরের বিভিন্ন অংশ ছিল শিয়ালের কামড়ে ক্ষতবিক্ষত। পরে মরদেহের পাশে পড়ে থাকা স্যান্ডেল ও হাতঘড়ি দেখে পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম রাজা হোসেন (২৫)। তিনি উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ইমাম আলীর ছেলে। আটকদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করেনি পুলিশ।

এর আগে সোমবার (২৮) রাত থেকে নিখোঁজ ছিলেন রাজা হোসেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় নির্জন সড়কের পাশে কয়েকটি শিয়ালকে একটি বস্তু ঘিরে টানাটানি করতে দেখেন। তিনি কাছে এগিয়ে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে সেখানে ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পান তিনি। মরদেহের শরীরের বিভিন্ন অংশ শিয়ালে খুবলে খেয়েছে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ অনুসন্ধানে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিম ঘটনাস্থলে আসে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, রাজা হোসেন সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করছিলেন। মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান। মরদেহের পাশে পড়ে থাকা স্যান্ডেল, হাতঘড়ি ও পরনের কাপড দেখে তারা সেটি রাজা হোসেনের বলে শনাক্ত করেন।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, মরদেহটি দুই দিনের পুরোনো হওয়ায় পচন ধরেছে। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর