গতকাল (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম সরিয়ে আবারও পুরোনো নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ ফিরিয়ে আনা হয়েছে। এরই প্রেক্ষিতে, ওসমান হাদির বোন মাসুমা হাদির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরিন আমিন ভূঁইয়া মোনামির একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দাবি করা হচ্ছে ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, ‘হলের নাম পরিবর্তন করে হাদিকে মুছে ফেলা যাবে না। ‘পৃথিবীর ৮০০ কোটি মানুষ হাদিকে ভালোবাসে’। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
শিক্ষক মোনামি বলেছেন, ‘যে বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী হাদির নাম মুছে ফেলা হয় ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার আর কোনো ইচ্ছা আমার নেই।’ ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
তবে অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদির বোন মাসুমা হাদি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরিন আমিন ভূঁইয়া মোনামি এমন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত মন্তব্যগুলো শুরুতে সার্কাজম পেজ থেকে প্রচার করা হলেও পরবর্তীতে এগুলো বাস্তব দাবিতে ছড়িয়ে পড়েছে।
বিস্তারিত
ওসমান হাদির বোন মাসুমা হাদি এবং শিক্ষক মোনামি ওসমান হাদির নাম মুছে ফেলা নিয়ে আলোচিত মন্তব্যগুলো প্রকাশ্যে করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, অনুসন্ধানে এই দুই ব্যক্তি আলোচিত মন্তব্যগুলো করেছেন- এই দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এমনকি মাসুমা হাদি ও শেহরিন আমিন ভূঁইয়া মোনামির ফেসবুক অ্যাকাউন্টেও এ-সংক্রান্ত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য মাসুমা হাদি ও শেহরিন আমিন ভূঁইয়া মোনামির সাথে যোগাযোগ করে কালবেলা।
মাসুমা হাদি বলেন, ‘আমি ফটোকার্ডটি দেখেছি। এমন কোনো মন্তব্য আমি এখন পর্যন্ত করিনি। এটি ভুয়া।’
শেহরিন আমিন ভূঁইয়া মোনামি বলেন, ‘এটি ভুয়া। আমি এমন কোনো মন্তব্য করিনি।’
যেখান থেকে সূত্রপাত
আলোচিত মন্তব্যগুলোর সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে কালবেলা। অনুসন্ধানে ‘Gupto Tv’ নামক একটি ফেসবুক পেজ থেকে গতকাল (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৯ মিনিটে শেহরিন আমিন ভূঁইয়া মোনামির বক্তব্যটি এবং ৭টা ৫০ মিনিটে মাসুমা হাদির বক্তব্যটি সম্ভাব্য প্রথম পোস্ট করা হয়েছে। তবে, পোস্টগুলোতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে, ‘Gupto Tv’ নামক একটি ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।
অর্থাৎ, মাসুমা হাদি এবং শেহরিন আমিন ভূঁইয়া মোনামির নামে প্রচারিত মন্তব্যগুলোর সূত্রপাত হয়েছে সার্কাজম পেজ থেকে; যা পরবর্তীতে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়েছে।
