দিনাজপুরের বিরামপুরে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পাশের ডোবায় ডুবে প্রাণ গেছে দুই শিশুর। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- কাটলা গ্রামের হুমায়ন কবিরের মেয়ে মালিহা জান্নাত মেহজাবিন (২) এবং একই গ্রামের তারিকুল ইসলামের মেয়ে তাহিয়া জান্নাত (৩)। তাদের দুজনের বাবাই কৃষক।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই দুই শিশু বাড়ির সামনের আঙিনায় খেলছিল। এ সময় তাদের মায়েরা ঘরের গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশুরা খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির সামনের ডোবার কাছে চলে যায়। পরে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে বাড়ির সামনের একটি হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষক ডোবায় একটি শিশুকে ভাসতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মালিহাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে ঘটনাস্থল থেকে প্রায় দুই হাত দূরে পানিতে ডুবে থাকা অবস্থায় তাহিয়াকেও উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য সাজেদুল ইসলাম বলেন, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে তারা কীভাবে ডোবার পানিতে চলে গেছে; পরিবারের কেউ তা টের পাননি। পরে একজন শিক্ষক শিশুকে পানিতে ভাসতে দেখে বিষয়টি জানান।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন বলেন, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত দুই পরিবারকে আর্থিক সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
