শেখ হাসিনার জন্মদিন পালন, দশম শ্রেণির শিক্ষার্থী আটক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ এএম

পাবনার সুজানগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও তা ফেসবুকে প্রচারের অভিযোগে রবিন বিশ্বাস (১৬) নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার আমিনপুর থানার বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে ছুটির পর তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আমিনপুর থানার ওসি হুমায়ুন কবির।

গ্রেপ্তার রবিন রানীনগর ইউনিয়নের বাদাই গ্রামের মো. গাজী বিশ্বাসের ছেলে। সে বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র।

পুলিশ, শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে পোস্ট দেয় রবিন। ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী স্কুলে ঢুকে রবিনকে বের করে আনার চেষ্টা করে। এ সময় স্কুলের শিক্ষকরা বাধা দিলে নেতাকর্মীরা ফিরে যান। পরে ক্লাস ছুটি হলে আমিনপুর থানা পুলিশ রবিনকে আটক করে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ওই স্কুলছাত্র নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনের পোস্টের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা পূর্বের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর