চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরের ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, খুলশী থানার অপারেশন অফিসার গোলাম মোহাম্মদ নাসিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। পরে তাকে থানায় নেওয়া হয়। নজরুল ইসলাম খোকন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হয়ে মিটিং-মিছিল ও গোপন বৈঠকে অংশ নিতেন। গত বছরের ৫ আগস্ট ছাত্রদের ওপর হামলার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘নজরুল ইসলাম খোকন নামের শ্রমিক লীগ নেতাকে ঝাউতলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা বিষয়গুলো যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানায় সরকার।
