যুবদল নেতা ইসমাইলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পিএম

পেশাগত দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২ অক্টোবর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে ইসমাইল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব জাতীয়তাবাদী যুবদল নেবে না। পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে ইসমাইল হোসেনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে যুবদল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন