ময়মনসিংহের ফুলপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রেজাউল করিমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকা এ আসামিকে বাশাটি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রেজাউল করিম ফুলপুর উপজেলার বাশাটি মাইজপাড়া গ্রামের মৃত শাহ জামাল ওরফে নয়নের ছেলে। তিনি ফুলপুর থানার একটি হত্যা মামলার আসামি এবং আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, হত্যা মামলার পর রেজাউল দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন। দেশে ফিরে বাশাটি এলাকায় অবস্থান করছেন, এমন খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কৌশলে তাকে গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি ফিরোজ হোসেন।
