চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম

চট্টগ্রাম নগরের বাংলাবাজার এলাকায় রেলওয়ের পরিত্যক্ত একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, মাদক ও নেশাগ্রস্ত যুবকদের আড্ডা থেকে ফেলা সিগারেটের আগুনেই বগিটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

গত দুই মাসে ওই পরিত্যক্ত বগিতে দুবার আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ২৬ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মোনেম বিল্লাহ কালবেলাকে বলেন, ‘রেলওয়ের পরিত্যক্ত বগিতে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মাদক ও নেশাগ্রস্ত যুবকদের আড্ডায় সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।’

তিনি আরও বলেন, প্রাথমিক হিসাবে আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত দুই মাসে একই কারণে পরিত্যক্ত বগিতে দুবার আগুন লাগার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর