ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামের এক মাসের ব্যবধানে বাবা-মাকে হারানো পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক।
শুক্রবার (২ অক্টোবর) সংসদ সদস্যের পক্ষ থেকে ওই পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন দোহার পৌর যুবদলের সদস্য আলী আব্বাস, স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা সিদ্দিক খান। এ সময় তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় পুত্র হারানো শোকে কান্নায় ভেঙে পড়েন নিহত আবুল কালাম আজাদের বৃদ্ধ বাবা ওয়াহাব মাদবর। তিনি বলেন, ‘পাঁচ নাতনিকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে আছি। চারজনই ছোট।’ এ বিপদের সময়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্য খোন্দকার আবু আশফাককে ধন্যবাদ জানান তিনি।
সম্প্রতি ‘কালবেলা’য় ‘এক মাসের ব্যবধানে চলে গেলেন মা-বাবা, অভাবের সংসারে পাঁচ মেয়ের ভবিষ্যৎ কী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
উল্লেখ্য, দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের চাপে মাত্র ৩১ দিনের ব্যবধানে মারা যান কৃষক আবুল কালাম আজাদ ও তার স্ত্রী ফরিদা বেগম। গত ২৮ আগস্ট নিজ বাড়ি থেকে ফরিদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রীর মৃত্যুর এক মাসের মাথায় গত ২৯ সেপ্টেম্বর একই বাড়ি থেকে উদ্ধার করা হয় স্বামী আবুল কালাম আজাদের মরদেহ।
মা-বাবাকে হারিয়ে বর্তমানে তাদের পাঁচ কন্যা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পরিবারের সদস্যরা জানান, পাঁচ মেয়ের মধ্যে একজনের বিয়ে হয়েছে। অন্যদের মধ্যে কয়েকজন মায়ের মৃত্যুর পর পড়াশোনা ছেড়ে দিয়েছে। ছোট দুই মেয়ের বয়স সাত ও পাঁচ বছর।
