বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাকে চাঁদা না পেয়ে আগুন দেওয়ার ঘটনা বলে প্রচার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম

সম্প্রতি, চাঁদা না দেওয়ার কারণে প্রবাসীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বর্তমান সরকারের রাজনৈতিক নেতারা- শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

তবে অনুসন্ধানে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর মাইজপাড়া দুদু মিয়া সওদাগরের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনাকে চাঁদা না পেয়ে আগুন দেওয়ার ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

বিস্তারিত 

শুরুতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে চট্টগ্রামের স্থানীয় দৈনিক আজাদীর ফেসবুক পেজ থেকে গত ৩০ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। দৈনিক আজাদী বলেছে, বোয়ালখালীতে বসতবাড়িতে আগুন লাগার দৃশ্য এটি।ওই সূত্র ধরে অনুসন্ধানে গণমাধ্যমটির ওয়েবসাইটে ০১ অক্টোবর প্রচারিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ৩০ সেপ্টেম্বর বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর মাইজপাড়া এলাকার দুদুমিয়া সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে বাংলানিউজ এবং জাগোনিউজ।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত শানু আক্তারের সঙ্গে যোগাযোগ করে কালবেলা। তিনি বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগছে। চাঁদা দাবির ঘটনাটি মিথ্যা এবং যাদের বাড়িঘর পুড়ে গেছে তাদের মধ্যে কেউই প্রবাসী না।’

অর্থাৎ, এই অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে রাজনৈতিক নেতাকর্মী, চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই এবং অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউই প্রবাসী নন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন